মালয়েশিয়ায় পৌঁছেলেন মোদি, বৈঠকে জোর বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নে
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। গত আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, যা ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের পর মোদির প্রথম মালয়েশিয়া সফর।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রয়্যাল মালয় রেজিমেন্টের একটি দল প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার প্রদান করে। মালয়েশিয়ার বর্ণাঢ্য সংস্কৃতি তুলে ধরে ‘মাদানি’ ড্রামিং ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। এরপর দুই নেতা মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শ্রম ও শিক্ষা খাতে সহযোগিতার নতুন দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।
আলোচনাকালে দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা এবং কারিগরি প্রশিক্ষণ বিষয়ক একাধিক সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বড় বিড়াল সংরক্ষণ নিয়েও একটি চুক্তি হবে। প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর উপস্থিতি দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের ভিত মজবুত করেছে, যা অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলেছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত, যেখানে মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্য পাম অয়েল ও ইলেকট্রনিক্স এবং ভারত থেকে আসে কৃষিপণ্য ও পেট্রোলিয়াম।

