মালয়েশিয়ায় মোদি: কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়, আজ বৈঠক
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিক স্বাগত জানান এবং রয়্যাল মালয় রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।
এটি নরেন্দ্র মোদির তৃতীয় মালয়েশিয়া সফর এবং দুই দেশের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) জোরদারের পর প্রথম কোনো সফর। গত আগস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবেও এই সফরটি গুরুত্বপূর্ণ। আগমনের পর তারা দুজনে মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে মালয়েশিয়ার সংস্কৃতি তুলে ধরে বিশেষ পরিবেশনা পরিবেশিত হয়।
রোববার দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম এবং শিক্ষা খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ সময় সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্নীতি দমনের মতো গুরুত্বপূর্ণ খাতে একাধিক সমঝোতা স্মারক (MoU) সই হবে বলে জানা গেছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বিগ ক্যাটস অ্যালায়েন্স নিয়েও চুক্তি হতে পারে।
মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের প্রধান সেতুবন্ধন। অর্থনৈতিক দিক থেকেও দুই দেশের বাণিজ্য ২০২৫ সালে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে। ভারত মূলত মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করে, আর মালয়েশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও পেট্রোলিয়াম আমদানি করে থাকে।

