বিজ্ঞাপন

মালয়েশিয়ায় মোদি: কৌশলগত জোট জোরদারে বৈঠক ও চুক্তির সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭ এএম
মালয়েশিয়ায় মোদি: কৌশলগত জোট জোরদারে বৈঠক ও চুক্তির সম্ভাবনা

দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এই সফর দুই দেশের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দরে পৌঁছার পর ভারতীয় প্রধানমন্ত্রী রয়্যাল মালয় রেজিমেন্টের সম্মাননা দল পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত মাদানি ড্রামিং ও নৃত্য পরিবেশনা উপভোগ করেন। এরপর তিনি স্থানীয় একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন। উল্লেখ্য, গত আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পর এটিই প্রথম পাল্টা সফর, যা দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ও রাষ্ট্রীয় কূটনীতির বন্ধন আরও দৃঢ় করবে।

বিজ্ঞাপন

রোববার দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শ্রম খাতের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও স্বাস্থ্যসেবার মতো আধুনিক খাতে সহযোগিতার নতুন দিকনির্দেশনা তৈরি হবে এতে। এছাড়া দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স নিয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ দুই দেশের সাংস্কৃতিক সেতুবন্ধন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক দিক থেকেও সম্পর্কটি অত্যন্ত সুদৃঢ়; ২০২৫ সালে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত, যেখানে পাম অয়েল ও ইলেকট্রনিক্স পণ্যের আধিপত্য সুস্পষ্ট।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...