মালয়েশিয়ায় মোদি, বাণিজ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে
ভারত ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে কুয়ালালামপুর পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা স্বাগত ও গার্ড অফ অনার জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই দুই দিনের সফর, যা গত আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান।
রোববার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (সিএসপি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা, দুর্নীতি দমন ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও দুই পক্ষের মধ্যে দফিল বিনিময় হবে।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি বছর দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত, যার মধ্যে মালয়েশিয়ার রপ্তানি ৫২.৩ বিলিয়ন এবং ভারত থেকে আমদানি ২৭.১৯ বিলিয়ন রিঙ্গিত। প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের উপস্থিতি মালয়েশিয়ায় দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে, যা এই সফরের মাধ্যমে আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

