মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জোর দিল্লি-কুয়ালালামপুর

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ এএম
মালয়েশিয়ায় পৌঁছেছেন মোদি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জোর দিল্লি-কুয়ালালামপুর

ভারত ও মালয়েশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আগে গত আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের প্রেক্ষাপটে এই সফর দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দরে অবতরণের পর রয়্যাল মালয় রেজিমেন্টের একটি দল মোদিকে গার্ড অফ অনার প্রদান করে। মালয়েশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে ‘মাদানি’ ড্রামিং ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। স্বাগত অনুষ্ঠান শেষে দুই নেতা মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। এটি মোদির মালয়েশিয়ার তৃতীয় সফর এবং দুই দেশ ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের পর তার প্রথম সফর।

রোববার দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং শ্রম ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা এবং কারিগরি প্রশিক্ষণ বিষয়ক একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বড় বিড়াল সংরক্ষণ বিষয়ক জোট নিয়েও নথি বিনিময় হবে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হওয়ার পেছনে মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০২৫ সালের হিসাব অনুযায়ী দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিত, যার মধ্যে মালয়েশিয়ার রপ্তানি রয়েছে ৫২.৩ বিলিয়ন রিঙ্গিত। ভারত থেকে মূলত কৃষিপণ্য, পেট্রোলিয়াম ও রাসায়নিক দ্রব্য আমদানি করে থাকে কুয়ালালামপুর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...