বিশ্বের সবচেয়ে দামি চাল যার এক বাক্সের দাম ১০ হাজারের বেশি
আমাদের দেশে বাঁশমতি বা কালিজিরা চালের স্বাদ ও ঘ্রাণ নিয়ে অনেক আলোচনা হয়, তবে বিশ্বজুড়ে সবচেয়ে দামি চালের স্বীকৃতি পেয়েছে জাপানের উৎপাদিত ‘কিনমেমাই প্রিমিয়াম’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এটিই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চাল। স্বাদে ও গুণে এর অসাধারণত্বের কারণে বিশ্বের খাদ্যরসিক ও পর্যটকদের মধ্যে এটি ব্যাপক আলোচিত হয়ে উঠেছে।
জাপানের তোইয়ো রাইস করপোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা জানান, এই চালের বিশেষত্ব হলো এর নিছক বাণিজ্যিক মান নয়, বরং এর প্রাণশক্তি বা সজীবতা। প্রতি বছর মাত্র এক হাজার বাক্স উৎপাদিত হয় এবং প্রতিটি বাক্সের দাম প্রায় ১০ হাজার ৮০০ ইয়েন বা ৭৩ দশমিক ৪ ডলার। ২০১৬ সালে রেকর্ড স্থাপনের সময় এর দাম প্রতি কেজি প্রায় ১০৯ ডলার ছিল, যা সাধারণ চালের তুলনায় অনেক বেশি। প্রথমে তিনি ভেবেছিলেন এত দামে কেউ কিনবে কি না, কিন্তু মানুষের আগ্রহ তাকে অবাক করেছে।
এই চালের গুণমান যাচাইয়ের জন্য প্রথমে স্বাদ ও গঠন বিবেচনা করা হয়, এরপর এনজাইম লেভেল পরীক্ষার মাধ্যমে এর প্রাণশক্তি যাচাই করা হয়। কেইজি সাইকা বলেন, সেরা দানাগুলো বাছাই করার পর কয়েক মাস সংরক্ষণ করা হয়, যার ফলে এর স্বাদ আরও গভীর এবং পুষ্টিগুণ বৃদ্ধি পায়। মিশেলিন স্টার পুরস্কারপ্রাপ্ত শেফদের সঙ্গে কাজ করা জাপানি শেফ কেনিচি ফুজিমোতো বলেন, এই চালের দানাগুলো হীরার মতো চকচকে এবং এর স্বাদ অতুলনীয়। বাণিজ্যিক প্রচার নিয়ে তিনি সংশয়ী হলেও এই চাল তাকে মুগ্ধ করেছে।

