প্রবল শীতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার ৪০০ ড্রোন-মিসাইল হামলা
ইউক্রেনের বিদ্যুৎ খাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। শনিবার ভোররাতে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ অবকাঠামোতে এক যুগান্তকারী হামলা পরিচালনা করে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই অভিযানে অন্তত ৪০০টির বেশি ড্রোন এবং প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দেশটির জ্বালানি ব্যবস্থাকে ধ্বংস করার সুস্পষ্ট প্রচেষ্টা।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিশ শমিহাল জানিয়েছেন, খমেলনিৎস্কাই, রিভনে, লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে। বিশেষ করে বুরশতিন ও দব্রোৎভির তাপবিদ্যুৎ কেন্দ্র দুটি এবং বিদ্যুৎ বিতরণের প্রধান সাবস্টেশনগুলো এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের তাপমাত্রা হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, যে কারণে এই হামলা সাধারণ মানুষের জন্য মারাত্মক দুর্যোগ তৈরি করেছে। এর ফলে সারা দেশে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এক্স হ্যান্ডেলে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, কূটনীতির পথ পরিহার করে রাশিয়া সন্ত্রাসী কৌশল অবলম্বন করছে এবং শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইউক্রেনীয়দের দমন করতে চাইছে। সংকট মোকাবেলায় ইউক্রেন সরকার পোল্যান্ড থেকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলেই ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

