বিশ্বের সবচেয়ে দামি চাল ‘কিনমেমাই প্রিমিয়াম’, দাম প্রায় ৭৩ ডলার
জাপানে উৎপাদিত ‘কিনমেমাই প্রিমিয়াম’ নামের এক চাল বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই চালকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, যার প্রতি বাক্সের দাম প্রায় ৭৩ ডলার। স্বাদ ও গুণগত মানের কারণে এই চাল সম্পর্কে বিশ্বজুড়ে ভোজনরসিক এবং পর্যটকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এই চাল উৎপাদন করে টয়ো রাইস করপোরেশন। সংস্থার প্রেসিডেন্ট কেইজি সাইকা জানিয়েছেন, সেরা মানের চাল নির্বাচনের জন্য স্বাদ ও গঠনের পাশাপাশি এনজাইম লেভেল পরীক্ষা করা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মিশেলিন স্টার শেফ কেনিচি ফুজিমোটো এই চালের দানাকে হীরার মতো চকচকে এবং স্বাদে অনন্য বলে বর্ণনা করেছেন।
প্রতি বছর মাত্র এক হাজার বাক্স কিনমেমাই প্রিমিয়াম চাল উৎপাদন করা হয়। ২০১৬ সালে এটি প্রথম সবচেয়ে দামি চালের স্বীকৃতি পায়, তখন এর দাম ছিল ৯,৪৯৬ জাপানি ইয়েন। বর্তমানে বাজারজাত করা প্রতিটি বাক্সের দাম ১০ হাজার ৮০০ ইয়েন বা ৭৩ দশমিক ৪ ডলার। সাধারণ চালের দাম যেখানে কেজিতে মাত্র ৩০০ থেকে ৪০০ ইয়েন, সেখানে এর অস্বাভাবিক দাম থাকলেও মানুষের মধ্যে এর চাহিদা রয়েছে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায়, চালটির স্বাদ বাড়ানোর জন্য তাদের একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। কেইজি সাইকা বলেন, চাল কয়েক মাস সংরক্ষণ বা বয়স্য করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং এর পুষ্টিগুণও বৃদ্ধি পায়। সীমিত সরবরাহ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার কারণে এই চাল সাধারণত বিশেষ উপহার হিসেবে ব্যবহৃত হয়।

