রয়টার্সকে তারেক: জনসমর্থন থাকলে হাসিনার সন্তানদেরও রাজনীতির অধিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম রয়টার্সকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান। এ সময় তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরিবারের সদস্যরা যদি জনগণের স্বাগত অর্জন করতে পারেন, তবে তাদের রাজনীতি করার পূর্ণ অধিকার রয়েছে। একই সাথে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সাথে জোট সরকার গঠনের কোনো পরিকল্পনা তার দলের নেই।
সাক্ষাৎকারে ভারতের সাথে সম্পর্ক এবং চীনের প্রভাব নিয়েও কথা বলেছেন তারেক রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত থেকে মুখ ফিরিয়ে সরাসরি চীনের প্রতি ঝুঁকছে না বিএনপি। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেকোনো দেশের সাথে সম্পর্ক রাখা হবে, যারা দেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে।
নিজ দলের পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরে বিএনপি প্রধান জানান, তাদের সরকার গঠিত হলে প্রধান লক্ষ্য হবে যুবকদের কর্মসংস্থান এবং ব্যবসার প্রসার ঘটানো। দেশে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে মানুষের জীবনমান উন্নয়নে তারা বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, বরং যারা বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে আগ্রহী এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, সেই সকল অংশীদারদের সাথেই বন্ধুত্ব স্থাপন করবে তার দল।

