কারাগার থেকেই ছেলেকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলেন বলসোনারো

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৬:৩৪ পিএম
কারাগার থেকেই ছেলেকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করলেন বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো, যিনি বর্তমানে কারাগারে বন্দী অবস্থায় আছেন, ঘোষণা দিয়েছেন যে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার জ্যেষ্ঠ পুত্র ফ্লাভিও বলসোনারোকেই সমর্থন করবেন। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একটি হাতে লেখা চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে আগামী নির্বাচনী লড়াইয়ের দায়িত্ব এখন থেকে তার ছেলে ও সিনেটর ফ্লাভিওর ওপর অর্পিত হলো।

২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে দেশটির সুপ্রিম কোর্ট তাকে দোষী সাব্যস্ত করায় তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। চিঠিতে বলসোনারো লিখেছেন, এই অবিচারের পরিস্থিতিতে এবং জনগণের ইচ্ছাকে নীরব হতে না দেওয়ার প্রতিজ্ঞা থেকেই তিনি তার সন্তানকে প্রাক-প্রার্থী হিসেবে মনোনীত করছেন। তিনি বলেন, একজন বাবার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সন্তানকে তিনি ব্রাজিলকে উদ্ধার করার মিশনে নিয়োজিত করছেন।

মধ্যপন্থী রাজনীতিক ও বিনিয়োগকারীদের একটি অংশ আশা করেছিলেন যে, তিনি হয়তো সাও পাওলোর গভর্নর তারসিসিও দে ফ্রেইতাসকে সমর্থন দেবেন, কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক নেতৃত্বই অগ্রাধিকার পেয়েছে। গত বৃহস্পতিবার একটি হাসপাতালে জাইর বলসোনারোর অস্ত্রোপচার চলার সময় সাংবাদিকদের সামনে ওই চিঠি পাঠ করে শোনান ফ্লাভিও। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতের জেরে সৃষ্ট হার্নিয়া সারাতেই এই অস্ত্রোপচার করা হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...