বিজ্ঞাপন

মস্কোতে বাসভবনের সামনে গুলিবিদ্ধ শীর্ষ রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৮ পিএম
মস্কোতে বাসভবনের সামনে গুলিবিদ্ধ শীর্ষ রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ

রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। গত শুক্রবার (৬ জানুয়ারি) সকালে নগরীর উত্তর-পশ্চিমাঞ্চলের ওই ভবনের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। হামলার পর তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তার বর্তমান শারীরিক অবস্থা এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইউক্রেন যুদ্ধের সময় বিশেষ ভূমিকা পালনকারী এই জেনারেল দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন। ২০১৮ সালে যুক্তরাজ্যের স্যালিসবারিতে নার্ভ এজেন্ট হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে ২০২৩ সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহের সময় বিদ্রোহী নেতা ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার দায়িত্বও পালন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেনকো জানিয়েছেন, জেনারেল আলেক্সেয়েভকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে এবং এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গত কয়েক বছরে এটি মস্কোয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর সবচেয়ে বড় হামলা। এর আগে ২০২৪ সালে জেনারেল ইগর কিরিলোভ এবং ২০২৫ সালের ডিসেম্বরে জেনারেল ফানিল সারভারভ একইভাবে হামলার শিকার হয়েছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...