ল্যুভের দুঃসাহসিক চুরিতে সম্রাজ্ঞীর মুকুট ভেঙে চুরমার, ছবি প্রকাশ
গত অক্টোবরে প্যারিসের বিখ্যাত ল্যুভ মিউজিয়ামে ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির ঘটনায় চোরেরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে যায় সম্রাজ্ঞী ইউজিনির মূল্যবান মুকুটটি। ঘটনার তিন মাস পার হলেও মুকুটটির হাল হকিকত নিয়ে ধোঁয়াশা ছিল। সম্প্রতি জাদুঘর কর্তৃপক্ষ মুকুটটির বর্তমান অবস্থার কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে স্বর্ণ ও হীরা খচিত এই অমূল্য নিদর্শনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাদুঘরের আলংকারিক কলা বিভাগের পরিচালক অলিভিয়ার গ্যাবেট জানিয়েছেন, মুকুটটি মেরামতের জন্য প্রাথমিকভাবে প্রায় ৪০ হাজার ইউরো খরচ ধরা হয়েছে। এটিতে স্বর্ণের তৈরি আটটি ঈগল, ১ হাজার ৩৫৪টি হীরা এবং ৫৬টি পান্না রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, চোরেরা মুকুটটি কাঁচের শোকেসের ছোট ছিদ্র দিয়ে জোর করে বের করার চেষ্টা করায় এটি বিকৃত হয়। এরপর পালানোর সময় ফুটপাতে পড়ে যাওয়ায় একটি ঈগল হারিয়ে যায় এবং হীরার খিলানগুলো উঠে যায়। এই ঘটনায় এক হাজার পুলিশ তদন্ত করে পাঁচজনকে অভিযুক্ত করলেও বাকি গয়না এখনো উদ্ধার হয়নি।
নেপোলিয়ন ৩য়-এর স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির এই মুকুটটি ফরাসি রাজকীয় সংগ্রহের অংশ ছিল, যা ১৮৮৭ সালে নিলামে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য তিনি আইনি লড়াই করেছিলেন। ১৯৮৮ সালে ল্যুভ এটি সংগ্রহ করে। খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যেই এই চুরির ঘটনা ঘটে যা জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থায় ফাটল ধরিয়ে দিয়েছে। তবে আশার কথা হলো, এবছরের শেষ নাগাদ এর সংস্কার কাজ শেষ করে মুকুটটি আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

