সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৭ পিএম
সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে দেশটির ওই মন্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। ঢাকা জানিয়েছে, এ ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বিকৃতভাবে তুলে ধরার চেষ্টা মাত্র।

একটি বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারত যে ব্যক্তির উদাহরণ টেনেছেন, তিনি আসলে একজন তালিকাভুক্ত চাঁদাবাজ। চাঁদাবাজির সময় তার একজন মুসলিম সহযোগীর সঙ্গে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে, যাকে পরে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। অপরাধীর এমন ঘটনাকে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হিসেবে চিত্রিত করা একেবারেই সঠিক নয় এবং তা বিভ্রান্তিকর।

সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু মহল বাছাইকৃত ও বিকৃত তথ্য দিয়ে ভারতীয় জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিতে চাইছে। এমন পরিস্থিতিতে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাস রক্ষার স্বার্থে ভারতের বিভিন্ন মহলকে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...