আট ফেব্রুয়ারি থেকে হজ ভিসা শুরু, নিবন্ধন সাড়ে সাত লাখ ছাড়িয়েছে
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এবার হজের মূল আয়োজনের প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করা হচ্ছে। এর ফলে হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে সব ধরনের সেবা পান এবং তাদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় হয়, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভিসার আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।
সৌদি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, এরই মধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৩০ হাজার মানুষ সরাসরি নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুক করেছেন। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে সব ধরনের আবাসন ও সেবা চুক্তি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প এবং ৭৩টি হজ দপ্তর তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এবার আরও উন্নত সেবা নিশ্চিত করতে চাইছে তারা।
অন্যদিকে বাংলাদেশ থেকে যারা এবার হজে যেতে চান, তাদের জন্য সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে ভিসা দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং এর ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

