ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে শুরু হচ্ছে হজ ভিসা প্রক্রিয়া, স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগ্রহী যাত্রীদের জন্য ভিসা ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আন্তর্জাতিক হজযাত্রীদের সেবার মান নিশ্চিত ও প্রস্তুতি জোরদার করতে এবার হজের মূল আনুষ্ঠানিকতার প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম শুরু করা হচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে পবিত্র স্থানগুলোতে সেবা প্রদানের জন্য সব ধরনের চুক্তি চূড়ান্ত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাত লাখ ৫০ হাজার মানুষ হজের নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া বিদেশি হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প এবং ৭৩টি হজ সেবা দপ্তর প্রস্তুত রাখা হয়েছে। মক্কার আবাসন ব্যবস্থাপনায় ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধিত সরকারি ও বেসরকারি যাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি করে তুলেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করতে হবে। ফিটনেস সনদ ছাড়া এবছর কোনো হজযাত্রীকে ভিসা প্রদান করা হবে না। সব হজযাত্রীকে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর আওতায় হজযাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

