ইরানের সঙ্গে বৈঠকে মার্কিন দূত, দোহায় পৌঁছেছেন স্টিভ উইটকফ

প্রাইম বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪১ এএম
ইরানের সঙ্গে বৈঠকে মার্কিন দূত, দোহায় পৌঁছেছেন স্টিভ উইটকফ

ইরানের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের বিশেষ দূত হিসেবে উইটকফ ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

বৈঠকের প্রাথমিক পর্ব শুরুর আগে দোহায় মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জ্যারেড কুশনারের সাথে বৈঠক করেছেন স্টিভ উইটকফ। এই আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে ওমান। প্রাথমিকভাবে বৈঠকটি তুরস্কের ইস্তাম্বুলে করার পরিকল্পনা করা হলেও তেহরানের অনুরোধের প্রেক্ষিতে স্থান পরিবর্তন করে মাস্কাটে নেওয়া হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, এই নতুন দফার আলোচনায় গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন-ইসরাইলি যুদ্ধাভিযানের পূর্বে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকগুলোর বিষয়বস্তু গুরুত্ব পাবে। ওমানের মাধ্যমে পরিচালিত এই আলোচনায় দুই পক্ষের মধ্যকার চলমান উত্তেজনা কমানোর পথ কীভাবে সুগম করা যায়, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...