পর্যটকদের উত্তাপে মাউন্ট ফুজিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ চেরি ব্লসম উৎসব
জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির পাদদেশে প্রতি বছর আয়োজিত হওয়া চেরি ব্লসম বা চেরি ফুলের উৎসব এবার আর হচ্ছে না। ইয়ামানাশি অঞ্চলের ফুজিইয়োশিদা শহর কর্তৃপক্ষ অতিরিক্ত পর্যটকের ভিড় এবং তাদের অসামাজিক আচরণের কারণে স্থানীয় বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ায় এই উৎসব অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশক ধরে প্রতি বসন্তে প্রায় দুই লাখ মানুষ এই অনুষ্ঠানে যোগ দিলেও, বর্তমানে তা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শহরের মেয়র শিগেরু হোরিউচি জানান, মাউন্ট ফুজির মনোরম সৌন্দর্যের আড়ালে স্থানীয়দের জীবন আজ এক গভীর মানবিক সংকটের মুখোমুখি। জাপানি মুদ্রা ইয়েনের দরপতনের কারণে বিদেশি পর্যটকদের অস্বাভাবিক চাপ বেড়েছে, যা ২০২৪ সালে ৩ কোটি ৭০ লাখ এবং চলতি বছর ৪ কোটি ২৭ লাখে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, পর্যটকরা যানজট সৃষ্টি করছেন, যত্রতত্র আবর্জনা ফেলছেন এমনকি স্থানীয়দের ব্যক্তিগত বাগানে প্রবেশ করে অশোভন আচরণ ও মলমূত্র ত্যাগ করছেন। এমনকি ঐতিহ্যবাহী পোশাক পরা গেইশাদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটছে।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছবি তোলার স্থানে বাধা দেওয়া এবং পাহাড়ে ওঠার ফি বৃদ্ধির মতো পদক্ষেপ নেওয়া হলেও কোনো লাভ হয়নি। নাগরিকদের মর্যাদা ও বসবাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই ১০ বছরের পুরোনো এই উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উৎসব বাতিল হলেও আগামী মার্চ থেকে মে মাস পর্যন্ত বসন্তকালে পাঁচতলা প্যাগোডা ও চেরি গাছের নিচ থেকে মাউন্ট ফুজির সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের সমাগম অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

