নিউ স্টার্ট চুক্তির অবসান, সীমাহীন পারমাণবিক প্রতিযোগিতার শঙ্কা
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্টের’ (New START) মেয়াদ আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। এর ফলে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান দুই পরাশক্তির পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর যাবতীয় নিয়ন্ত্রণ বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই চুক্তির পরিসমাপ্তি ঘটলে বিশ্বে এক নতুন ও নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
চুক্তিটি নবায়নের বিষয়ে দুই পক্ষের অবস্থান এখনও পরিষ্কার নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ওয়াশিংটন সম্মত হলে তিনি আরও এক বছরের জন্য এর বিধিনিষেধ মেনে চলতে প্রস্তুত। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এ নিয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত দেননি। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল সতর্ক করে বলেছেন, চুক্তির মেয়াদ শেষ হলে প্রায় ৩৫ বছর পর দুই দেশই প্রথমবারের মতো নিজেদের মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধির সুযোগ পাবে। এছাড়া চীন তার ক্ষুদ্র তবে ক্রমবর্ধমান পারমাণবিক শক্তি নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন তিনি।
২০১০ সালে বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভের হাতে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় উভয় দেশের ওপর সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্রের সীমা আরোপ করা হয়েছিল। তবে করোনা মহামারির পর ২০২৩ সালে মস্কো এই চুক্তির আওতায় পরিদর্শন কার্যক্রম স্থগিত করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই পক্ষের অস্ত্রভাণ্ডারের ওপর কোনো সীমা না থাকলে বিশ্ব আরও বেশি ‘বিপজ্জনক’ হয়ে উঠবে।

