মার্কিন-রুশ পারমাণবিক চুক্তির ইতি, বিশ্বজুড়ে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ এর মেয়াদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। এর ফলে প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুই পরাশক্তির মধ্যে চলে আসা অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান ঘটছে। এমন পরিস্থিতিতে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আর থাকছে না, যা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার ফলে একটি নতুন ও নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক ‘আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন’-এর নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল জানিয়েছেন, চুক্তিটি বাস্তবায়নে ব্যর্থ হলে ওয়াশিংটন ও মস্কো উভয়েই তাদের পারমাণবিক অস্ত্র মজুদ বৃদ্ধির দিকে ঝুঁকতে পারে। এছাড়া চীন তার অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে, যা ত্রিপক্ষীয় এক বিপজ্জনক প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র সম্মত হলে আরও এক বছরের জন্য তিনি এই চুক্তির বিধিনিষেধ মেনে চলতে প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে সুস্পষ্ট কোনো অবস্থান নেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে দিয়ে বলেছেন, দুই দেশের পারমাণবিক অস্ত্রের ওপর কোনো সীমা না থাকলে বিশ্ব আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির অধীনে দুই দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড রাখার অনুমতি পেয়েছিল।

