ইরানের তিন স্যাটেলাইট মহাকাশে, সপ্তমবারের মতো রাশিয়ার রকেট ব্যবহার
মহাকাশ গবেষণায় আরেকটি সাফল্য অর্জন করেছে ইরান। দেশটি স্বদেশে তৈরি তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে রাশিয়ার সহায়তায়। রোববার (২৮ ডিসেম্বর) তেহরান সময় বিকেল ৪টা ৪৮ মিনিটে রাশিয়ার ভস্তোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। এ নিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণে ইরান সপ্তমবারের মতো রাশিয়ার রকেট প্রযুক্তি ব্যবহার করল।
এবারের মাল্টি-পেলোড মিশনে ইরানের জাফর–২, পায়া এবং কাওসার নামের তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই মিশনকে তাদের মহাকাশ কর্মসূচির একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছেন। তিনি জানান, স্যাটেলাইটগুলোর নকশা ও নির্মাণের সব ধাপই ইরানে সম্পন্ন হয়েছে, যেখানে সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর যৌথ প্রচেষ্টা ছিল। এর মধ্যে দুটি সরকারি এবং একটি বেসরকারি খাতের উদ্যোগে তৈরি।
ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নির্মিত জাফার–২ স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ দেখাশোনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানচিত্রায়নে কাজ করবে। অন্যদিকে, আগের সংস্করণের উন্নততর সংস্করণ কাউসার ১.৫-এ ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা স্মার্ট পর্যবেক্ষণ ব্যবস্থায় দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করবে। এছাড়া, ইরানি মহাকাশ সংস্থার তৈরি পায়া বা তোলু–৩ দেশটির এখন পর্যন্ত সবচেয়ে ভারি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার ওজন প্রায় ১৫০ কিলোগ্রাম।
২০০৯ সালে ‘ওমিদ’ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ জয়ের সূচনা করে ইরান। পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বেসামরিক মহাকাশ কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে তেহরান।

