ওয়াশিংটনের নীতিতে বেকায়দায় ইসরায়েল, চরম চাপে নেতানিয়াহু
মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য হারাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং ওয়াশিংটনের একতরফা সিদ্ধান্তের কারণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন গৃহবিবাদের মুখে পড়েছেন। এমন পরিস্থিতি কয়েক মাস আগেও কল্পনা করা যেত না, যখন ইসরায়েল অঞ্চলটিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলেই মনে করছিল। এখন তারা দেখছে যে ট্রাম্প প্রশাসন তেল আবিবের সবুজ সংকেত ছাড়াই নিজেদের পথ চলছে।
গাজায় দীর্ঘ দুই বছরের গণহত্যায় ৭১ হাজার ৮০০-র বেশি মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন নেতৃত্বে চলে এসেছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ জানিয়েছেন, নেতানিয়াহুর বিরোধীরা মনে করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে গাজায় যুদ্ধ অস্বাভাবিকভাবে শেষ করেছেন। ইসরায়েল লেবানন থেকে বিতাড়িত হচ্ছে এবং সিরিয়াতে তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। আহমেদ আল-শারার নতুন সরকারকে দুর্বল করার ইসরায়েলি ইচ্ছে ওয়াশিংটনের বাধায় থমকে গেছে। এমনকি গাজা প্রশাসনে কাতার ও তুরস্ককে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েলের আপত্তিও উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র।
সামনের দিনগুলোতে ইসরায়েলের কৌশলগত অবস্থান আরও কঠিন হতে পারে। ইরান ইস্যুতে ওয়াশিংটন তেল আবিবের উদ্বেগ উপেক্ষা করেই কূটনৈতিক আলোচনায় বসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়াতেও ওয়াশিংটনের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণে ইসরায়েলের ক্ষমতা যে দ্রুত কমে আসছে, তা নিয়ে আর সন্দেহ নেই বিশ্লেষকদের।

