মিয়ানমারের নির্বাচনে তরুণদের চরম উদাসীনতা, ভোটকেন্দ্রে শুধু বয়স্করা
মিয়ানমারের জাতীয় নির্বাচনে এবার ভোটারদের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। অতীতে যেখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যেত বিপুল সংখ্যক তরুণ-তরুণীকে, গত রোববারের ভোটগ্রহণে তাদের একেবারেই দেখা যায়নি। জান্তাশাসিত দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর মূল ভোটার ছিলেন বয়স্ক নাগরিকরা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে পরিচালিত বা ‘সাজানো’ বলে অভিহিত করেছে। সামরিক বাধ্যতামূলক নিয়োগ এবং স্থবির অর্থনীতির কারণে বহু তরুণ দেশ ছেড়ে পালিয়েছেন। ইয়াঙ্গুনের সোনালি সুলে প্যাগোডা সংলগ্ন কেন্দ্রের চিত্রই তার প্রমাণ। সেখানে প্রায় এক হাজার ৪০০ নিবন্ধিত ভোটারের মধ্যে শেষ হওয়ার দুই ঘণ্টা আগেও মাত্র ৫০০ জন ভোট দিয়েছিলেন। লাইনে দাঁড়ানো মানুষের বেশিরভাগই ছিলেন প্রবীণ, শিশুকোলে মা বা বাজারের ঝুড়িহাতে গৃহিণী।
মান্দালয়ের এক বাসিন্দা জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে অনাস্থার কারণে তরুণরা ভোট দিতে আসেননি। প্রত্যন্ত অঞ্চলের অবসরপ্রাপ্ত শিক্ষক সেইন ই (৭৪) দেশে শান্তি ফিরিয়ে আনার আশায় ভোট দিলেও মনে করেন না যে এতে কোনো পরিবর্তন আসবে। তার মতে, এটি কেবল সেনাবাহিনীর পোশাক বদলে ক্ষমতা ধরে রাখার একটি কৌশল মাত্র। ৯৭ বছর বয়সী সাবেক সাংবাদিক সাতো ন্যা নিয়ো দেশপ্রেমের খাতিরে ভোট দিলেও কাকে ভোট দিয়েছেন তা প্রকাশ করেননি।
২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে চলা গৃহযুদ্ধের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একদিকে জান্তা বাহিনী গণতন্ত্রে ফেরার দাবি করলেও, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্বাচন বর্জনের ডাক ও হুমকি দিয়েছে। সাবেক বিক্ষোভস্থলগুলো ছিল নীরব, ভেসে এসেছে কেবল ভোট প্রদানের গান আর সশস্ত্র বাহিনীর যানবাহনের শব্দ।

