এপস্টেইন কেলেঙ্কারি: রয়্যাল লজ ছাড়লেন প্রিন্স অ্যান্ড্রু
ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু দীর্ঘদিনের বাসভবন উইন্ডসরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে সরিয়ে গেছেন। যৌন কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত এই রাজপুত্রকে সর্বশেষ সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে বাসভবন ত্যাগ করতে দেখা যায়। বাকিংহাম প্যালেসের নির্দেশনা অনুযায়ী, জেফরি এপস্টেইন মামলার নতুন নথি প্রকাশের পর থেকেই তাকে এই বাসভবন ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
বর্তমানে রাজা চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন স্যান্ড্রিংহাম এস্টেটের উড ফার্ম কটেজে অস্থায়ী ঠিকানা গড়েছেন অ্যান্ড্রু। তার স্থায়ী বাসস্থান হিসেবে চিহ্নিত মার্শ ফার্মে এখন জোরদার সংস্কারকাজ চলছে এবং এর খরচ বহন করছেন রাজা নিজে। ২০০৪ সাল থেকে উইন্ডসরের রয়্যাল লজে বসবাসরত এই ডিউককে গত অক্টোবরেই ‘হিজ রয়াল হাইনেস’ (HRH) উপাধি খর্ব করে সাধারণ নাগরিকের মতো ‘অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর’ নামে পরিচিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে, অ্যান্ড্রুর বিরুদ্ধে নতুন করে আরও এক নারীর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে এপস্টেইনের মাধ্যমে ওই নারীকে রয়্যাল লজে পাঠানো হলে সেখানে অ্যান্ড্রুর সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করা হয়। ওই অভিযোগকারিণীর আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস জানিয়েছেন, ঘটনার পর ওই নারীকে প্রাসাদ ঘুরিয়ে দেখানো হয়। যদিও প্রিন্স অ্যান্ড্রু এমন সব অভিযোগ বরাবরই ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন, তবে এবার যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ভুক্তভোগীরা।

