পাকিস্তানিদের জন্য ইতালিতে ১০ হাজার ৫০০ চাকরির সুযোগ

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৮:১৯ এএম
পাকিস্তানিদের জন্য ইতালিতে ১০ হাজার ৫০০ চাকরির সুযোগ

ইতালির সরকার পাকিস্তানি কর্মীদের জন্য ১০ হাজার ৫০০টি চাকরির সুযোগ সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশ পাকিস্তানিদের জন্য এত বড় সংখ্যক চাকরি বরাদ্দ করল, যা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

বরাদ্দ করা চাকরিগুলো বেশিরভাগ জাহাজভাঙা, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতের। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানি কর্মীরা ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁর কর্মচারী এবং গৃহকর্মী হিসেবেও কাজ করতে পারবেন। দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তি অনুসারে, আগামী তিন বছরে এই কোটা পূরণ করা হবে। প্রতি বছর ইতালি ৩ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বৈধভাবে নিয়োগ দেবে।

প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রী সালিক হুসাইন ইতালির এই পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইতালির সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক। ইউরোপের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইতালির এই প্রস্তাব পাকিস্তানিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তি বাস্তবায়নের জন্য ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান-ইতালি ওয়ার্কিং কমিটি যৌথভাবে কাজ শুরু করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...