গেম খেলতে নিষেধ করায় ৯ তলা থেকে ঝাঁপ তিন বোনের, রহস্য উদঘাটনে পুলিশ
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ভয়াবহ ঘটনায় অনলাইন গেমের আসক্তি ও অভিভাবকদের নিষেধাজ্ঞার জেরে তিন কিশোরী বোন নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। নিহতরা হলেন নিশিকা (১৬), প্রাচী (১৪) এবং পাখি (১২)। পুলিশ জানিয়েছে, ওই তিন বোন একটি কোরিয়ান গেমিং অ্যাপে এতটাই মগ্ন ছিল যে তারা বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সম্ভবত কোনো গেম চ্যালেঞ্জ সম্পন্ন করতেই এই চরম সিদ্ধান্ত নেয়।
বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ভারত সিটি সোসাইটির বি-১ টাওয়ারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের পূজার ঘরের জানালা দিয়ে তারা একটি চেয়ারের সাহায্যে একে একে লাফ দেয়। ঘটনাস্থল থেকে কিছু হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে আরও জানা গেছে, কোভিড-১৯ মহামারীর পর থেকে তারা আর স্কুলে যাচ্ছিল না এবং দীর্ঘদিন সামাজিক মেলামেশা থেকে বিরত থাকায় তারা এই ভার্চুয়াল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ে। বড় বোন নিশিকা মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে লোনির জয়েন্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য দেহগুলো মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গেমের প্রতি ক্রমবর্ধমান আসক্তি কীভাবে শিশুদের মানসিক স্বাস্থ্য ধ্বংস করতে পারে এবং তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, তা এই ঘটনা ফের একবার সামনে এনেছে।

