এপস্টেইন নথি: ভুক্তভোগীদের পরিচয় ফাঁসে মার্কিন বিচার বিভাগের ব্যর্থতা
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) তাদের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার নথি সরিয়ে নিয়েছে। এসব নথি প্রকাশের ফলে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠায় সোমবার একজন ফেডারেল বিচারকের কাছে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। ডিওজে জানিয়েছে, ভুক্তভোগীদের আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই নথিগুলো আরও ভালোভাবে সম্পাদনা বা রিড্যাকশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী গত বছর থেকে এই নথি প্রকাশ শুরু হয়। এরই মধ্যে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। তবে এই প্রক্রিয়ায় বড় ধরনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড জানিয়েছেন, অনেক ক্ষেত্রে কালি দিয়ে দাগ টানা থাকলেও তার নিচে নাম স্পষ্ট পড়া যাচ্ছে। এমনকি যারা কখনো প্রকাশ্যে আসেননি, তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। ভুক্তভোগী অ্যানি ফার্মার ও লিসা ফিলিপস বলেছেন, ডিওজের এই অবহেলায় তারা আবারও ট্রমার শিকার হয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, এই ঘটনা জঘন্য এবং তাদের নাম ও পরিচয় প্রকাশ করা উচিত হয়নি। লিসা ফিলিপস অভিযোগ করেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নথি প্রকাশ না করা, অনেক নথি গোপন রাখা এবং ভুক্তভোগীদের নাম প্রকাশ—এই তিনটি শর্তই লঙ্ঘন করেছে ডিওজে। এ নিয়ে তারা এক ধরনের খেলা খেলছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ডিওজে এক মুখপাত্র জানিয়েছেন, নিরপরাধ ব্যক্তিদের সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।

