বিজ্ঞাপন

হরমুজে মার্কিন তেল ট্যাংকারকে ঘেরাও, উত্তেজনা বাড়ল ওয়াশিংটন-তেহরানে

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ এএম
হরমুজে মার্কিন তেল ট্যাংকারকে ঘেরাও, উত্তেজনা বাড়ল ওয়াশিংটন-তেহরানে

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে অত্যন্ত উত্তেজনাকর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে আটক করতে সশস্ত্র অভিযান চালিয়েছে ইরানের নৌবাহিনী। তবে মার্কিন যুদ্ধজাহাজের সময়োচিত হস্তক্ষেপে ওই ট্যাংকারটি ইরানি বাহিনীর হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ও সমুদ্র নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, স্টেনা ইম্পেরেটিভ নামের ওই তেল ট্যাংকারটি হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানের তিনটি থেকে ছয়টি স্পিডবোট তাকে ঘিরে ফেলে। সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে, এই স্পিডবোটগুলোতে ৫০ ক্যালিবার মেশিনগান মজুদ ছিল এবং ইরানি সেনারা জাহাজটির ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য করে তাতে উঠার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সাহসী ট্যাংকার ক্যাপ্টেন তাদের নির্দেশ উপেক্ষা করে জাহাজের গতি বৃদ্ধি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে একটি মার্কিন যুদ্ধজাহাজ, যা ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে ওমানের উপকূলের দিকে নিয়ে যায়। যুক্তরাজ্যভিত্তিক ইউকেএমটিও ওমান উপকূল থেকে ১৬ কিলোমিটার উত্তরে এই আক্রমণের খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিরাজমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়, যা অর্থনীতির জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে ইরান দীর্ঘদিন ধরে এই পথে বাণিজ্যিক জাহাজ আটকানোর ঘটনা ঘটিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই নৌ-সংঘাত বৈশ্বিক শান্তি ও বাণিজ্যের জন্য নতুন হুঁশিয়ারি বাজিয়ে দিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...