যুদ্ধ এড়াতে ইস্তাম্বুলে ইরান-যুক্তরাষ্ট্রের জরুরি বৈঠকের সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ পিএম
যুদ্ধ এড়াতে ইস্তাম্বুলে ইরান-যুক্তরাষ্ট্রের জরুরি বৈঠকের সম্ভাবনা

দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনার আভাস মিলেছে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে এই দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আঞ্চলিক শক্তি কাতার, তুরস্ক, মিসর ও ওমানের মধ্যস্থতায় এই বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আলোচনা পুনরুজ্জীবিত করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যেই আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন।

খবরে বলা হয়েছে, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপস্থিত থাকতে পারেন। তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সাথে বিরাজমান উত্তেজনা লাঘবে তারা আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আশা প্রকাশ করেছেন যে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সৌদি আরব, মিসর ও তুরস্কের সংশ্লিষ্টদের সাথে টেলিফোনে আলাপচারিতা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন চুক্তির ডাক দিলেও পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন অব্যাহত রেখেছেন। অন্যদিকে ইরানের অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনার পক্ষে হলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দিয়েছেন যে, ইরানের ওপর হামলা হলে তা বয়ে আনবে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ। এদিকে, মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী শুক্রবারের এই সম্ভাব্য বৈঠককে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...