পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবিশ্বাস্য গরমিল, ৩৮৯ জনের বাবা একজন

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২ এএম
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অবিশ্বাস্য গরমিল, ৩৮৯ জনের বাবা একজন

বিজ্ঞানের দৃষ্টিতে যা অসম্ভব, তা-ই ঘটেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। একজন ব্যক্তির নামের সঙ্গে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে। এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পর্যবেক্ষণ, বাস্তবে এবং বৈজ্ঞানিকভাবে এক ব্যক্তির এত সন্তান থাকা অসম্ভব, যা ভোটার তালিকায় বড়সড় তথ্যগত ত্রুটির ইঙ্গিত দেয়।

বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, বীরভূমের নানুর বিধানসভা এলাকায় ওই এক ব্যক্তিকে পিতা হিসেবে দেখিয়ে ৩৮৯ জন ভোটার নথিভুক্ত হয়েছেন। একই ধরনের অসঙ্গতি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওড়ার সাঁকরাইলে ৩১০ জন, মুর্শিদাবাদে ১৯৯ জন, দার্জিলিংয়ে ১৫২ জন এবং আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। সব মিলিয়ে ছয় জনের বেশি সন্তানের নথি পাওয়া গেছে দুই লাখ ছয় হাজারেরও বেশি ক্ষেত্রে। এমনকি ১০ জনের বেশি সন্তানের ঘটনা ধরা পড়েছে ৮ হাজার ৬৮২টি ভোটার কার্ডে এবং একজনের সঙ্গে দুইশোর বেশি ভোটার যুক্ত থাকার ঘটনাও মিলেছে দুটি ক্ষেত্রে।

আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতে জমা দেওয়া এই হলফনামায় কেন এত বড় সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে, তার যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরেছে নির্বাচন কমিশন। লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা তার্কিক অসঙ্গতির কারণেই সন্দেহজনক এলাকাগুলোতে আলাদা করে যাচাই শুরু করেছে প্রশাসন। এই ঘটনা রাজ্যের নির্বাচনী ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...