বড় সুখবর: ভারতীয় পণ্যের শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৩ এএম
বড় সুখবর: ভারতীয় পণ্যের শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

ভারতের জন্য সুখবর নিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারত থেকে আমদানি করা পণ্যের মূল শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। এ কারণে বাণিজ্য বিশ্লেষকরা কার্যকর শুল্কহার নিয়ে দ্বিমত পোষণ করছেন। গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যাতে মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়িয়েছিল।

এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। মোদি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ তার সুফল পায়। তিনি বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রাম্পের নেতৃত্বকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...