গাজার শীতে কাঁপছে বাস্তুচ্যুতরা, বৃষ্টিতে ভেসে যাচ্ছে তাঁবু
গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক এখন প্রবল শীত ও ভারী বৃষ্টির মোকাবিলা করছেন। ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত এলাকায় দীর্ঘদিন ধরে তাঁবুতে আশ্রয় নেওয়া এসব মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। শনিবার গাজার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়, যা চলতি মৌসুমে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে। আবহাওয়া অফিস আগামী সোমবার থেকে চতুর্থ দফা নিম্নচাপের সম্ভাবনার কথাও জানিয়েছে।
এই চরম দুর্যোগের মধ্যেও মানুষের কোনো নিরাপদ আশ্রয় নেই। গাজা সিটির বাসিন্দা মোহাম্মদ মাসলাহ জানান, তার নিজের বাড়ি এখন ইসরাইলের দখলে থাকায় তাকে গাজা পোর্ট এলাকায় আশ্রয় নিতে হয়েছে এবং মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তাঁবুর ভেতরের সবকিছু ভিজে যায়। উত্তরাঞ্চলীয় জাবালিয়া থেকে পালিয়ে আসা চার সন্তানের জননী শাইমা ওয়াদি বর্তমানে দেইর আল-বালাহতে অবস্থান করছেন। দীর্ঘ দুই বছর ধরে তাঁবুতে বসবাস করা এই মহিলা জানান, বৃষ্টি হলেই তাঁবুটি ভেঙে পড়ে এবং আর্থিক সংকটের কারণে সন্তানদের শীতবস্ত্র বা বিছানার চাদর কেনাও তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়েছে।
এদিকে, প্রবল ঠান্ডা ও ভেজা পরিবেশে ডিসেম্বর মাসে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনটি শিশু রয়েছে। হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা হ্রাসে এবং দুর্বল ভবন ধসে পড়ায় এসব মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে মানবিক সংস্থাগুলো ত্রাণ ও আশ্রয় ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় অংশ নিতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।

