বিজ্ঞাপন

ওড়িষ্যার বিশেষ স্কুলে প্রতিবন্ধীদের ওপর যৌন হেনস্তা, তদন্ত শুরু

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪০ পিএম
ওড়িষ্যার বিশেষ স্কুলে প্রতিবন্ধীদের ওপর যৌন হেনস্তা, তদন্ত শুরু

ভারতের ওড়িষ্যা রাজ্যের কালাহাণ্ডি জেলার একটি বিশেষ স্কুলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ওপর চরম যৌন ও শারীরিক নির্যাতনের ঘটনা প্রকাশ পেয়েছে। পরমানন্দপুর এলাকায় অবস্থিত ‘রেড ক্রস স্কুল ফর দ্য ব্লাইন্ড, ডেফ অ্যান্ড মিউট’-এর ওয়ার্ডেন সন্ধ্যা দর্শন মহাপাত্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সিসিটিভি ফুটেজ এবং ভুক্তভোগীদের অভিযোগে দেখা গেছে, ওই কর্মী দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, তিনি স্কুলের একান্ত কোণে এক ছাত্রীর হাত ধরে রাখেন এবং অন্য একটি মুহূর্তে অন্য এক ছাত্রীর কাঁধ ও পিঠে অনুপযুক্তভাবে হাত দেন। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা ইশারা ভাষায় তাদের ওপর হওয়া এই অত্যাচারের বর্ণনা দিয়েছে। তারা জানিয়েছে, পূর্বে এই বিষয় কারো কাছে প্রকাশ করলে তাদের শারীরিক ও মানসিকভাবে হুমকি দেওয়া হতো।

বিজ্ঞাপন

ঘটনাটি নজরে আসার পরই জেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। কালাহাণ্ডির জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা (ডিসিপিও) শৈলেন্দু মহাপাত্র বলেছেন, অভিযোগের সত্যতা যাচাই করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদনটি জেলা কালেক্টরের কাছে পাঠানো হবে। তিনি জানান, অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...