নির্বাচনী লড়াইয়ের আগে দিল্লিতে মমতা, আজ ইসিতে বৈঠক
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঘোষণার আগেই রাজধানীর রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি তাঁর ভ্রাতুষ্পুত্র অভিষেক ব্যানার্জী এবং ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ ও দাবি জানাতেই এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে।
এসআইআর বা সচিত্র ভোটার তালিকা সংশোধন নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মমতা। আজকের এই বৈঠকে তিনি কমিশনারকে জানাবেন যে এসআইআর-এর আড়ালে ঠিক কী কী অনিয়ম চলছে। বিজেপি কীভাবে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করতে চাইছে তা-ও তুলে ধরবেন তিনি। মমতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ১১০ জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।
বিজেপিকে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি সাহস থাকে তবে রাজনৈতিকভাবে যুদ্ধ করতে হবে তাদের। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তৃণমূল এক ইঞ্চি মাটিও ছাড়বে না এবং লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আসন্ন নির্বাচনে বিরোধীদের সাফল্য নিয়েও আত্মবিশ্বাসী মমতা বলেন, বাংলা, তামিলনাড়ু ও কেরালায় বিজেপি হারবে, এমনকি আসামেও তাদের পরাজয় অনিবার্য। সংসদ সদস্যদের এসআইআর প্রক্রিয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি কমিশনের কাছে এ নিয়ে সুরাহা চাইবেন তিনি।

