ভেনেজুয়েলার তেল খাতে চীনের বিনিয়োগ চায় যুক্তরাষ্ট্র, চুক্তি ভারতের সঙ্গেও
দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুজ্জীবিত করতে দেশটির জ্বালানি খাতে চীনের বিনিয়োগের পথ সুগম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ জানুয়ারি, শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নিকোলাস মাদুরোর পতনের পর বিধ্বস্ত দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত ইতিবাচক হবে এবং ওয়াশিংটন তাদের এই পদক্ষেপকে স্বাগত জানাবে।
মাদুরো সরকারের পতনের পর থেকেই চীন ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ কৌশলগত সম্পর্ক নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। সেই ধোঁয়াশা কাটিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তেল ব্যবসায় বড় কোনো চুক্তির জন্য চীন যদি এগিয়ে আসে তবে তাকে বাধা দেওয়া হবে না। এদিকে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারতের সাথেও একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সহযোগিতা চুক্তিতে সম্মত হয়েছেন। এর ফলে ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলা থেকেই তেল সংগ্রহ করবে নতুন দিল্লি।
ভেনেজুয়েলার তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে দাবি করে ট্রাম্প বলেছেন, এখন থেকে তেলের লভ্যাংশ ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ভাগ করা হবে। তার বিশ্বাস, বর্তমান নেতৃত্বের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার হওয়ায় দেশটি বিপুল অর্থ উপার্জন করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও লাভজনক হবে। এছাড়া কিউবার স্বাধীনতা ইস্যুতেও একটি সমঝোতার পথ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট এবং আশা প্রকাশ করেছেন যে সংকট মোকাবিলায় কিউবা নিজেই আলোচনার জন্য আসবে।

