বিজ্ঞাপন

এপস্টেইন মামলায় ক্লিনটনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতি কংগ্রেসে

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৮ এএম
এপস্টেইন মামলায় ক্লিনটনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তুতি কংগ্রেসে

মার্কিন বিচার বিভাগ জেফরি এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন নথি প্রকাশ করেছে, যা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের জন্য নতুন বিপদ ডেকে এনেছে। এই নথিপত্র প্রকাশের মধ্যেই মার্কিন প্রতিনিধি পরিষদে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ভোটের প্রস্তুতি চলছে। রিপাবলিকান নেতৃত্বাধীন পরিষদটি এপস্টেইন মামলার তদন্তে সমন উপেক্ষা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। এর আগে হাউস ওভারসাইট কমিটিতে ক্লিনটনদের বিরুদ্ধে অনুরূপ অবস্থান নেয় কমিটির সদস্যরা।

নতুন করে প্রকাশিত তথ্যমতে, এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সাথে বিল ক্লিনটনের ইমেল যোগাযোগের প্রমাণ মিলেছে। ক্লিনটন দাবি করেছেন তিনি জীবনে মাত্র দুবার ইমেল ব্যবহার করেছেন, তবে ওই ইমেলগুলোতে ম্যাক্সওয়েলের পক্ষ থেকে ক্লিনটনের কর্মীদের সাথে ব্যক্তিগত ও চটুল আলাপচারিতার ইঙ্গিত পাওয়া গেছে। এতে তৎকালীন ক্লিনটন উপদেষ্টা ডগ ব্যান্ডের নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া নথিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কিছু অপ্রমাণিত অভিযোগ রয়েছে, যদিও ক্লিনটন ও ট্রাম্প উভয়েই এপস্টেইনের অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ক্লিনটন শিবির জানিয়েছে, ২০০৬ সালে অভিযোগ ওঠার বহু আগেই তিনি এপস্টেইনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার অবশ্য ক্লিনটন দম্পতিকে সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দিতে বাধ্য করতে জোর দিচ্ছেন। ক্লিনটনদের আইনজীবীরা নিউইয়র্কে সীমিত পরিসরে সাক্ষাৎকারের প্রস্তাব দিলেও কোমার তা বাতিল করেছেন। আইনজীবীরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন। যদি এই সপ্তাহে অবমাননার প্রস্তাবটি পাস হয়, তবে বিষয়টি ফৌজদারি বিচারের জন্য বিচার বিভাগে পাঠানো হবে, যা ক্লিনটন দম্পতির জন্য আইনি সংকট আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...