ট্রাম্পের সম্ভাব্য আলোচনায় ইরান সংঘাত কম, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৫ এএম
ট্রাম্পের সম্ভাব্য আলোচনায় ইরান সংঘাত কম, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড়সড় দরপতন হয়েছে। গত সোমবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে বলে জানানোর পর থেকেই এই দরপতন শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে সংঘাত কমে আসার সংকেত বহন করছে।

এদিন লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ২ ডলার বা ২.৯ শতাংশ কমে ৬৭ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দরও ২ ডলার কমে ৬৩ দশমিক ১৭ ডলারে নেমে আসে, যা গত সপ্তাহের তুলনায় ৩.১ শতাংশ কম। এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি আশা করেন তেহরান একটি গ্রহণযোগ্য চুক্তিতে আসবে যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। একইসঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছেন।

এর আগে উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় ব্রেন্ট ছয় মাসের এবং ডব্লিউটিআই সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ দামে পৌঁছেছিল। তবে বর্তমানে হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর সামরিক মহড়া স্থগিতের খবরে বাজারে উদ্বেগ কমেছে। আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোরের মতে, বাজার এটিকে সংঘাত থেকে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে, ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে দ্রুত মুনাফা তুলে নিচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...