যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানজুড়ে খাদ্য মজুদের হিড়িক

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০১ এএম
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানজুড়ে খাদ্য মজুদের হিড়িক

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে দেশটিতে যুদ্ধের গুজব ছড়ালেও সরকারের পক্ষ থেকে আলোচনার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমেনি। এর প্রভাবে তেহরানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা জানালা বন্ধ করে দিয়ে জরুরি খাবার ও পানি মজুদ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। রোববার মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এই চিত্রই ফুটে উঠেছে।

মার্কিন সামরিক বহরের মোতায়েন ও যুদ্ধের গুঞ্জনে ইরানের মানুষের মধ্যে চরম মানসিক চাপ তৈরি হয়েছে। তেহরানের ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী জানিয়েছেন, তিনি সারারাত ধরে আক্রমণের অপেক্ষায় ছিলেন এবং বিস্ফোরণের শব্দ শোনার জন্য বারবার জেগে উঠেছেন। অন্যদিকে, শোহরেহ নামের এক বাসিন্দা বলেন, মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। সরকারি হত্যাকাণ্ডে হতাশ হয়ে অনেকে যুক্তরাষ্ট্রের হামলাকেই সমাধান ভাবছেন। ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজু জানান, মানুষ চুপচাপ প্রথম বিস্ফোরণের জন্য অপেক্ষা করছে। তার এক প্রতিবেশী এমনকি জানালা বন্ধ করে বলেছেন, বোমা পড়লে শাসক আর বিরোধীদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না।

ইন্টারনেট সেবা চালু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার নানা পরামর্শ ছড়িয়ে পড়েছে। সেখানে ১০ দিনের খাবার ও পানি মজুদ, প্রাথমিক চিকিৎসা সামগ্রী রাখা এবং বিস্ফোরণ হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এই আতঙ্ক ইরানের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে বসবাসরত প্রায় ৪০ লাখ প্রবাসী ইরানির মধ্যেও ছড়িয়ে পড়েছে। তারা আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ হারানোর আশঙ্কায় রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...