যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরানজুড়ে আতঙ্ক, বাড়ছে খাবার মজুদ
গত শুক্রবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার গুজবে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির সাধারণ মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়েছে যে যেকোনো মুহূর্তে মার্কিন বাহিনী আক্রমণ চালাতে পারে। এই আশঙ্কায় ইরানের নাগরিকরা জরুরি খাবারদাবার, পানি এবং ওষুধ মজুদ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সরকারি পর্যায়ে যখন আলোচনার কথা বলা হচ্ছে, তখনও সাধারণ মানুষের মধ্যে এই ভীতি কাটেনি।
রোববার মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে মানুষ জানালা বন্ধ করে রাখছেন এবং বিপদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এক প্রকৌশলী জানান, তিনি সারারাত ঠিকমতো ঘুমাতে পারেননি, বারবার জেগে উঠেছেন বিস্ফোরণের শব্দ শোনার আশায়। সোশ্যাল মিডিয়ায় এখন ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার নানা পরামর্শ ভাইরাল হচ্ছে, যার মধ্যে ১০ দিনের খাবার মজুদ রাখা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা অন্যতম।
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের মোতায়েন এই ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মচারী আরজু বলেন, মানুষ এখন নীরবে দুশ্চিন্তায় আছে। তার এক প্রতিবেশী জানালা শক্ত করে বন্ধ করে দিয়ে বলেছেন, বোমা পড়লে শাসক বা বিরোধী কেউ বাঁচবে না। অন্য এক বাসিন্দা শোহরেহ জানান, হতাশা ও মানসিক চাপে মানুষ ভারসাম্য হারিয়ে ফেলছে, অনেকে ভাবছে হয়তো হামলা পরিস্থিতি বদলে দেবে। এই আতঙ্ক ইরানের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৪০ লাখ প্রবাসী ইরানিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

