যুদ্ধের আশঙ্কায় ইরানে আতঙ্ক: বাড়িতে খাবার মজুদ, কাঁপছে জনজীবন
গত শুক্রবার থেকে ইরানজুড়ে বিরাজ করছে এক চাপা আতঙ্ক। যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে—এমন গুজবে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোববার মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। যদিও আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন, তবুও বাসিন্দারা জানালা বন্ধ করে দিয়ে ঘরে প্রয়োজনীয় খাদ্য ও পানি মজুদ করা শুরু করেছেন।
এই পরিস্থিতিতে মানুষের মধ্যে তীব্র মানসিক চাপ লক্ষ্য করা গেছে। তেহরানের ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী জানান, তিনি সারারাত ঘুমাতে পারেননি, বারবার জেগে উঠেছেন বিস্ফোরণের শব্দ শোনার আশায়। আরেক বাসিন্দা শোহরেহ মনে করেন, সরকারের হত্যাযজ্ঞে হতাশ হয়ে মানুষ এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। এমনকি ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজু জানান, তার প্রতিবেশী বোমার আশঙ্কায় জানালা আটকে দিয়ে বলেছেন—আক্রমণ হলে শাসক ও বিরোধীর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না।
দীর্ঘ তিন সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকার পর সেবা চালু হলেও, সামাজিক মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে বেঁচে থাকার নানা টিপস। ফারসি ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে ১০ দিনের খাবার ও পানি মজুদ রাখা, প্রাথমিক চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখা এবং বিস্ফোরণের সময় নিরাপদ আশ্রয়ের নির্দেশনা ভাইরাল হচ্ছে। এই আতঙ্ক কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীও আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে দেশের স্বজনদের সাথে যোগাযোগ হারানোর শঙ্কা প্রকাশ করেছেন।

