যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরানে ত্রাস, খাবার মজুদ

প্রাইম বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৫ এএম
যুক্তরাষ্ট্রের হামলার ভয়ে ইরানে ত্রাস, খাবার মজুদ

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কায় ইরানজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার থেকে দেশটিতে যুদ্ধের গুজব ছড়ালেও, বর্তমানে এটি সবার কাছে এক বাস্তব শঙ্কা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে আলোচনার আভাস দেওয়া হলেও, সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে জানালা বন্ধ করে দিচ্ছেন এবং দীর্ঘদিনের খাবার ও পানি মজুদ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর মোতায়েন ইরানিদের মনে নতুন করে ভীতি ও হতাশা তৈরি করেছে।

রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা রাতের ঘুম হারিয়েছেন। এক ৪৩ বছর বয়সী প্রকৌশলী জানান, তিনি সারারাত জেগে শুধু বিস্ফোরণের শব্দ শোনার অপেক্ষা করছিলেন। আরেক বাসিন্দা শোহরেহ বলেন, পরিস্থিতির চাপে মানুষ মানসিক ভারসাম্য হারাচ্ছে এবং অনেকে হতাশাবোধ থেকে যুদ্ধকেই সমাধান ভাবছেন। ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজু জানান, তার প্রতিবেশী জানালা বন্ধ করে বলেছে, বোমা পড়লে শাসক বা বিরোধী—কারো মধ্যে আর পার্থক্য থাকবে না।

দীর্ঘ তিন সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকার পর সেবা চালু হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরছে বেঁচে থাকার নির্দেশিকা। ফারসি ভাষার প্ল্যাটফর্মগুলোতে ১০ দিনের খাবার মজুদ, জরুরি ওষুধপত্র এবং বিস্ফোরণ হলে কীভাবে আশ্রয় নিতে হয়—সেসব পরামর্শ ছড়িয়ে পড়ছে। এই আতঙ্ক দেশের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীর মধ্যেও দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, যুদ্ধ শুরু হলে আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে, ফলে স্বজনদের সাথে যোগাযোগের পথ বন্ধ হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...