আমেরিকান হামলার ভয়ে আতঙ্কিত ইরান, ঘরে ঘরে খাদ্য মজুদ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার থেকে আমেরিকান আগ্রাসনের গুজব ছড়িয়ে পড়লে, সাধারণ মানুষ জরুরি প্রস্তুতি হিসেবে ঘরে প্রয়োজনীয় খাবার ও পানি মজুদ করতে শুরু করেছেন। সরকারি পর্যায়ে আলোচনার কথা থাকলেও, ওয়াশিংটনের যুদ্ধংদেহী অবস্থানের কারণে ইরানিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশটির বাসিন্দারা জানালা ও দরজা শক্ত করে বন্ধ করে রাখছেন এবং যেকোনো বিপদের জন্য নিজেদের প্রস্তুত রাখছেন।
তেহরানের অধিবাসীদের মধ্যে এই উদ্বেগ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী জানান, তিনি সারা রাত ঘুমাতে পারেননি এবং বারবার জেগে উঠে বিস্ফোরণের শব্দ শোনার চেষ্টা করছেন। আরেক বাসিন্দা শোহরেহ বলেন, সাধারণ মানুষ এতটাই হতাশ যে তারা মনে করছেন একটি বিদেশি হামলাই এই সংকটের সমাধান হতে পারে। ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজুর ভাষ্য, প্রতিবেশীরা ভয়ে জানালা বন্ধ করে দিচ্ছেন এবং মানুষ চুপচাপ প্রথম আঘাতটির অপেক্ষা করছে।
গত তিন সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকার পর সেটি আবার চালু হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেঁচে থাকার নানা পরামর্শ ভাইরাল হচ্ছে। ফারসি ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে ১০ দিনের খাবার ও পানি মজুদ রাখা, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা এবং বিস্ফোরণের সময় কীভাবে নিরাপদে অবস্থান করতে হয় সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা ছড়িয়ে পড়ছে। এই আতঙ্ক ইরানের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীর মধ্যেও ছড়িয়ে পড়েছে, যারা আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ভয়ে স্বজনদের সাথে যোগাযোগ হারানোর ঝুঁকিতে আছেন।

