যুক্তরাষ্ট্রের হামলার গুজবে ইরানজুড়ে আতঙ্ক, মজুদ খাবার
যেকোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কায় ইরানজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার থেকে ছড়িয়ে পড়া এই গুজবের প্রভাবে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনীয় খাবার, পানি এবং ওষুধ মজুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা বিস্ফোরণের আশঙ্কায় জানালার পাল্লা শক্তভাবে বন্ধ করে রাখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেঁচে থাকার নানা পরামর্শ ঘুরে বেড়াচ্ছে।
তেহরানের বাসিন্দারা জানান, মানুষের মধ্যে এক ধরণের নীরব উদ্বেগ বিরাজ করছে। ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী জানান, তিনি সারারাত ঘুমাতে পারেননি, বারবার জেগে উঠেছেন বিস্ফোরণের শব্দ শোনার আশায়। শোহরেহ নামের এক নারী বলেন, মানুষ মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে তারা বুঝতেই পারছে না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে। সরকারি কর্মচারী আরজু জানান, তার প্রতিবেশীরা আতঙ্কে জানালা বন্ধ করে দিয়েছেন এবং প্রথম আঘাতের অপেক্ষা করছেন।
ওয়াশিংটনের যুদ্ধবাজ সুর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বহর মোতায়েন স্থানীয়দের এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ ১০ দিনের খাবার মজুদ রাখা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং বিপদের সময় মাটিতে শুয়ে পড়ার মতো নির্দেশনা ছড়িয়ে পড়ছে। শুধু দেশের ভেতরেই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৪০ লাখ ইরানি প্রবাসীও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাদের আশঙ্কা, যুদ্ধ লাগলে আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে, যার ফলে স্বজনদের সাথে যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে।

