পৃথিবীর ঘূর্ণন থেকে বিদ্যুৎ, শক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসছে!
বিদ্যুৎশক্তি ছাড়া আধুনিক সভ্যতা এক মুহূর্তও টিকতে পারে না। বিপুল এই চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এবার নতুন দিকে পা বাড়িয়েছেন। পৃথিবীর নিজস্ব ঘূর্ণন গতি এবং চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন মার্কিন গবেষকরা। নিউজার্সিতে নাসার গবেষণাগারে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ ক্রিস্টোফার এফ চাইবার নেতৃত্বে এই যুগান্তকারী পরীক্ষা চালানো হয়, যা ভবিষ্যতের শক্তি সংকটের সমাধান হতে পারে।
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে গ্রহের ঘূর্ণনের সম্পর্ক কাজে লাগিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। পরীক্ষায় বিজ্ঞানীরা একটি বিশেষ ফাঁপা সিলিন্ডার ব্যবহার করেন, যা ম্যাঙ্গানিজ জিঙ্ক ফেরাইট দিয়ে তৈরি। প্রায় এক ফুট লম্বা এই সিলিন্ডারটি উত্তর-দক্ষিণ দিকে রেখে ৫৭ ডিগ্রি কোণে বাঁকানো হয়, যা পৃথিবীর অক্ষের বক্রতার সমান। এই বিশেষ পদ্ধতিতে ইলেকট্রনের গতি এড়িয়ে পরীক্ষাগারে কয়েক লাখ মাইক্রোভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়েছে, যদিও একই পদ্ধতিতে ভর্তি সিলিন্ডার ব্যবহারে কোনো বিদ্যুৎ পাওয়া যায়নি।
পরীক্ষামূলকভাবে উৎপন্ন এই বিদ্যুতের পরিমাণ বিশ্বব্যাপী চাহিদার তুলনায় এখনও খুবই সামান্য। তবে এই পরীক্ষার ফলাফল শক্তি উৎপাদনে এক নতুন পথ দেখিয়েছে। সূর্য, বাতাস বা জোয়ার-ভাটার মতোই ভবিষ্যতে পৃথিবীর ঘূর্ণন গতি বিদ্যুতের অন্যতম উৎসে পরিণত হতে পারে। গবেষণাটি সফল হলে পৃথিবীর অস্তিত্বের সমানকাল পর্যন্ত মানুষের শক্তির কোনও সংকট হবে না বলেই বিজ্ঞানীদের বিশ্বাস।

