যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত ইরান: খাবার ও ওষুধ মজুদে ব্যস্ত জনজীবন

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৫ পিএম
যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত ইরান: খাবার ও ওষুধ মজুদে ব্যস্ত জনজীবন

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানজুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৩০ জানুয়ারি রাত থেকে মার্কিন হামলার গুঞ্জনে নির্ঘুম রাত কাটাচ্ছেন তেহরানসহ দেশটির সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার আশঙ্কায় মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

রাজপথে জনজীবন আপাতদৃষ্টিতে স্বাভাবিক থাকলেও ঘরের অন্দরে চলছে আতঙ্ক আর জরুরি প্রস্তুতি। বোমা হামলায় কাঁচ ভেঙে পড়ার ঝুঁকি এড়াতে অনেকেই বাড়ির জানালায় স্কচটেপ লাগাচ্ছেন। সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় অন্তত ১০ দিনের শুকনো খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুদ করছেন সাধারণ মানুষ। দীর্ঘমেয়াদী রোগীরা এমনকি তিন মাসের ওষুধ কিনে রাখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা থেকে বাঁচার নানা পরামর্শ ছড়িয়ে পড়লেও মানুষের মনে প্রশ্ন দেশে হামলা হলে সরকারি-বিরোধী কোনো পার্থক্য থাকবে না, সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর আগে গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানির ঘটনা ইরানিদের মনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে, যা অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকট করেছে।

প্রবাসী ইরানিরাও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন। যুদ্ধের কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় তারা দেশের সাথে যোগাযোগ হারানোর ভয়ে ভুগছেন। এদিকে, ৩১ জানুয়ারি রাতে ইরানে হামলা হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক কিছু জুয়ার ওয়েবসাইটে হাজার হাজার ডলারের বাজি ধরা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বিনোদনের খোরাক হওয়ার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের তরুণ প্রজন্ম। অভ্যন্তরীণ কঠোর শাসন ব্যবস্থা আর বাইরের ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের মাঝে পড়ে অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...