মার্কিন হামলার ভয়ে ত্রস্ত ইরান, খাদ্য ও ওষুধের মজুদে ব্যস্ত জনগণ

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৫ পিএম
মার্কিন হামলার ভয়ে ত্রস্ত ইরান, খাদ্য ও ওষুধের মজুদে ব্যস্ত জনগণ

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পটভূমিতে ইরানজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৩০ জানুয়ারি রাত থেকে তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে মার্কিন হামলার গুঞ্জনে বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। যেকোনো বড় বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়াতে মানুষ জানালার কাঁচ স্কচটেপ দিয়ে সিল করছেন এবং বোমার আঘাত কমানোর নানা প্রস্তুতি নিচ্ছেন। আশঙ্কায় অনেকে অন্তত ১০ দিনের শুকনো খাবার ও পানি মজুদ করছেন, আবার কেউ বা দীর্ঘমেয়াদী রোগীদের জন্য তিন মাসের ওষুধ কিনে রাখছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার উপায় ও জরুরি প্রস্তুতি নিয়ে নানা পরামর্শ ছড়িয়ে পড়েছে। তবে শুধু বাহ্যিক শত্রুতাই নয়, অভ্যন্তরীণ সংকটেও জর্জরিত ইরান। গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। অধিকার গোষ্ঠীগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে, নিহতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বাইরের যুদ্ধের হুমকি আর ভেতরের রক্তক্ষয়—সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

বিশ্বজুড়ে বসবাসরত কোটি কোটি ইরানি প্রবাসীও যুদ্ধের কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে দেশের পরিজন নিয়ে উদ্বিগ্ন। এই অনিশ্চয়তা ও জীবন নিয়ে ছিনিমিনির মধ্যে কিছু বিবর্ত ঘটনাও ঘটছে। ৩১ জানুয়ারি রাতে ইরানে হামলা হবে কি না, তা নিয়ে বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে হাজার হাজার ডলারের বাজি ধরা হয়েছে। নিজেদের দুর্দশা নিয়ে অন্যের বিনোদন ও বাজি ধরাকে ‘কষ্টের’ রসিকতা হিসেবে দেখছেন তরুণ প্রজন্ম। দেশের কঠোর শাসনব্যবস্থা আর যুদ্বংদেহী মনোভাবের মাঝখানে পড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ইরানের সাধারণ মানুষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...