এপস্টেইন নথিতে বিল গেটসের ‘গোপন রোগে’ আক্রান্ত হওয়ার চাঞ্চল্যকর দাবি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এতে প্রায় তিন লাখ পাতা, এক লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজার ভিডিও রয়েছে। এই বিশাল তথ্যভাণ্ডার প্রকাশের পর মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ব্যক্তিগত জীবন ও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিতর্কিত অভিযোগ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
নতুন প্রকাশিত নথিতে দেখা যায়, গেটসের দীর্ঘদিনের বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিচের নামে এপস্টেইন যে খসড়া বিবৃতি তৈরি করেছিলেন, সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্কের কারণে গেটস ‘গোপন রোগে’ আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসার জন্য ওষুধ সংগ্রহে নিকোলিচকে বাধ্য করা হয়েছিল। এছাড়াও গেটস ব্রিজ টুর্নামেন্টের জন্য ‘অ্যাডারাল’ নামক ওষুধ এবং বিবাহিত নারীদের সঙ্গে গোপনে দেখা করতে সহায়তা চেয়েছিলেন বলেও সেখানে উল্লেখ করা হয়। এমনকি নিজের ভাবমূর্তি বাঁচাতে তিনি স্ত্রী মেলিন্ডাকে অজান্তে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর চেষ্টা করেছিলেন বলেও ওই খসড়ায় দাবি করা হয়।
২০১৭ সালে রুশ ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভার সঙ্গে গেটসের কথিত সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এপস্টেইন। ধারণা করা হচ্ছে, এপস্টেইনের একটি চ্যারিটেবল ফান্ডে বিনিয়োগের প্রস্তাব গেটস প্রত্যাখ্যান করার পর তিনি এই হুমকি দেন। এই সব অভিযোগ অবশ্য একেবারেই অস্বীকার করেছেন বিল গেটসের এক মুখপাত্র। তিনি বলেন, এপস্টেইনের এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এটি ওই অপরাধীর হতাশা ও কাউকে ফাঁদে ফেলার প্রমাণ। উল্লেখ্য, ১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত দম্পতি হিসেবে ছিলেন বিল ও মেলিন্ডা এবং এপস্টেইনের সঙ্গে গেটসের ঘনিষ্ঠতাই তাদের বিচ্ছেদের অন্যতম কারণ বলে জানিয়েছিলেন মেলিন্ডা।

