মার্কিন এসইসির আইনি নোটিশ মেনে নিলেন আদানি ও সাগর

প্রাইম বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫১ এএম
মার্কিন এসইসির আইনি নোটিশ মেনে নিলেন আদানি ও সাগর

ভারতের শীর্ষ শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনি সমন গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। গত ২১ জানুয়ারি আইনজীবীদের মাধ্যমে এই নোটিশ পাঠানোর পর, ২৩ জানুয়ারি আদানি গ্রুপের মার্কিন আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে সমন গ্রহণের প্রস্তাবে সায় দেন। এর ফলে জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ নতুন মাত্রা লাভ করল।

মার্কিন আদালতের সর্বশেষ আদেশ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি সংশ্লিষ্ট স্টিপুলেশন বা আবশ্যিক শর্তাবলি অনুমোদনের পর থেকে ৯০ দিনের সময় গণনা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে অভিযুক্তদের আদালতে আনুষ্ঠানিক জবাব দাখিল করতে হবে অথবা মামলা খারিজের আবেদন করতে হবে। সমঝোতা চুক্তি অনুযায়ী, ফেডারেল সিভিল প্রসিডিউরের রুল ১২(এ) এর আওতায় তারা জবাব দিতে পারবেন অথবা রুল ১২(বি) অনুযায়ী অভিযোগ খারিজের আবেদন করতে পারবেন। তবে সমন মেনে নিলেও আদানিরা মার্কিন আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করাসহ সব ধরনের আইনি সুরক্ষা বজায় রাখছেন।

প্রসঙ্গত, হেগ কনভেনশনের আওতায় গত ১৭ ফেব্রুয়ারি এসইসি ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে নথি প্রেরণে সহযোগিতা চেয়েছিল। কিন্তু ২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার নথিতে প্রয়োজনীয় সিল ও স্বাক্ষর না থাকায় তা ফেরত পাঠায়। যদিও এসইসির দাবি, আন্তর্জাতিক এই চুক্তি অনুযায়ী সিল-স্বাক্ষর বাধ্যতামূলক নয়। আইনি প্রক্রিয়া এগিয়ে থাকায় এখন দেখার বিষয়, নির্ধারিত ৯০ দিনের মধ্যে আদানি পরিবার কীভাবে এই মামলার মোকাবিলা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...