৩০ বছর পর শিশুর জন্ম, নীরবতা ভাঙল ইতালির পাগলিয়ারা গ্রামে
ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর পাদদেশে অবস্থিত প্রাচীন গ্রাম পাগলিয়ারা দেই মার্সিতে দীর্ঘদিন ধরে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই ছিল বেশি। জনসংখ্যা হ্রাসের কারণে গ্রামটিতে যে শুনশান নীরবতা বিরাজ করছিল, গত মার্চ থেকে তা কেটে গেছে এক বিরল ঘটনার মাধ্যমে। প্রায় ৩০ বছরের মধ্যে গ্রামটিতে জন্ম নেওয়া প্রথম শিশু লারা বুসি ট্রাবুক্কোর আগমনে স্বস্তির বাতাস বয়ে এনেছে এবং এর ফলে গ্রামের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ জনে।
লারার খ্রিস্টধর্মে দীক্ষা অনুষ্ঠান বাড়ির ঠিক বিপরীত পাশের গির্জায় অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিলেন। এই গ্রামে একটি শিশুর উপস্থিতি এতটাই বিরল যে লারা এখন সেখানকার প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। শিশুটির মা সিনজিয়া ট্রাবুক্কো জানান, যারা আগে পাগলিয়ারা দেই মার্সির অস্তিত্ব সম্পর্কেই জানতেন না, তারাও লারার কথা শুনে এখন গ্রামে আসছেন। মাত্র নয় মাস বয়সেই সে সবার নজর কেড়েছে।
লারার এই আগমন যেমন আনন্দের বার্তা বয়ে এনেছে, তেমনি ইতালির চলমান জনসংখ্যা সংকটের কঠিন বাস্তবতাও তুলে ধরেছে। ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্ট্যাট-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে জন্মহার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ওই বছর দেশটিতে মাত্র ৩ লাখ ৬৯ হাজার ৯৪৪ জন শিশুর জন্ম হয়েছে। প্রজনন হারও রেকর্ড পরিমাণ কমে ১.১৮-এ দাঁড়িয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অন্যতম সর্বনিম্ন।
চাকরির অনিশ্চয়তা, তরুণ প্রজন্মের বিদেশে অভিবাসন, কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত সহায়তার অভাব এবং অনেকের স্বেচ্ছায় সন্তান না নেওয়ার সিদ্ধান্ত এই জন্মহার হ্রাসের অন্যতম কারণ। ইস্ট্যাটের ২০২৫ সালের প্রথম সাত মাসের প্রাথমিক হিসাবে জন্মহার আরও কমার ইঙ্গিত মিলেছে। ইতালির ২০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে আবরুজোতে এই সংকট সবচেয়ে প্রকট। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখানে জন্মহার গত বছরের একই সময়ের তুলনায় ১০.২ শতাংশ কমেছে।
ছোট গ্রাম পাগলিয়ারা দেই মার্সি বর্তমানে পুরো ইতালির জনসংকটের প্রতীক। স্থানীয় মেয়র জিউসেপিনা পেরোজ্জি বলেন, গ্রামটি চরম জনশূন্যতায় ভুগছে কারণ বয়স্করা মারা যাচ্ছেন কিন্তু নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না। লারার বাড়ির কাছেই বসবাস করেন মেয়র পেরোজ্জি। তিনি ৪২ বছর বয়সী মা সিনজিয়া এবং তার ৫৬ বছর বয়সী সঙ্গী পাওলো বুসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের পরিবার শুরু করার সিদ্ধান্ত অন্যদের অনুপ্রাণিত করবে বলে তিনি আশা করেন।
সার্বিকভাবে, জন্মহার হ্রাসের ফলে দেশজুড়ে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতি সরকারি কোষাগারের ওপর চাপ সৃষ্টি করছে, যা স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের জন্য অর্থনৈতিক ও সামাজিক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

