বেলুচিস্তানে বিএলএ’র সমন্বিত হামলা, নিহত শতাধিক

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৯:১৫ পিএম
বেলুচিস্তানে বিএলএ’র সমন্বিত হামলা, নিহত শতাধিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার ভোররাতে প্রদেশটির অন্তত ১২টি স্থানে একযোগে বিচ্ছিন্নতাবাদী হামলা চালানো হয়েছে। এই সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ হয়। গত ৪৮ ঘণ্টার এই সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে, যাদের মধ্যে অন্তত ৬৭ জন বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্য রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৩১ জানুয়ারি স্থানীয় সময় ভোর ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন এলাকায় এই হামলা শুরু হয়। পুলিশ স্টেশন এবং সামরিক স্থাপনায় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলি চালিয়েছে সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা। নিষিদ্ধ ঘোষিত বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। তবে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী বেশিরভাগ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, এই হামলাকারীরা দেশের শত্রুদের এজেন্ট। তিনি এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে অভিহিত করেছেন। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে এই গোষ্ঠীগুলো ভারতের সহযোগিতায় কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...