ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, ধসল আটতলা ভবনের দুই তলা

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৮:২২ পিএম
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, ধসল আটতলা ভবনের দুই তলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে শনিবার একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের মোল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি আটতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে, যার তীব্রতায় ভবনটির দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে। তবে বিস্ফোরণের পরপরই শুরু হওয়া উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ধাক্কায় ওই ভবনের পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি যানবাহন এবং দোকানপাটও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া কাউকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান এখনো জোরকদমে চলমান রয়েছে।

এদিকে, এই বিস্ফোরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নৌ-কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে যে গুজব ছড়িয়েছিল, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এই ঘটনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিও লক্ষণীয়ভাবে বেড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...